102 Views
কথা শেষ হয়ে এলে
নিজের সাথে নিজেই কথা বলি
কাগজের নৌকায় ভেসে চলি।
সবাই চিৎকার করে কত কথা বলছে
আর
শুকনো ডোবার মতো
ঢুকে যাওয়া চোখ নিয়ে
ফাটা ছেঁড়া লোকগুলো চলছে।
ক্ষিদে মুক্ত ভূগোল হলো না
ড্রোন মুক্ত হলো না এই উপগ্রহ
খবরের পাতায় সব প্রেম বিক্রি হলো।
যক্ষা, কালোজ্বর, রক্তাল্পতা আরো কত কিছু
বিশাল উঁচু পাঁচিলে ঘেরা জেলখানায়,
শুধুই ‘পবিত্র দেবালয়’ থেকে গলার শিরা ফুলিয়ে
নকশালমুক্ত দেশ ঘোষণা হলো।
আমি কোনোদিন বন্দুক দেখিনি
ভোরের হিমেল হাওয়াই
ফিসফাস কিছু শব্দ শুনেছি
ভালোবেসে ফেলেছি
কিচ্ছু করার স্পর্ধা আমার নেই
তবুও নকশাল পদবি
চেতন – অবচেতনে আটকে আছে।
এখন কাগজের নৌকায় ভাসতে ভাসতে
অপেক্ষায় আছি
উপর থেকে একটুকরো বারুদের গোলা
আমাকে পুড়িয়ে মারবে।
কবি : অভিজিৎ দাশ
চিত্রকর : পার্থ মিত্র


Leave a Reply